সকল মেনু

বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: শেখ হাসিনার ‘গেম প্ল্যান’ কী?

বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাঁর দেশে ফেরার এই উদ্যোগকে রাজনৈতিকভাবে সক্রিয় থাকা এবং আওয়ামী লীগের ওপর নিজের নিয়ন্ত্রণ ধরে রাখার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকদের অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন বিশ্লেষণ।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ভারতে চলে যাওয়ার পর দুই বছরের বেশি সময় ধরে সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন তিনি। তবে তাঁর পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।

শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের আন্দোলনের সময় প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। ফলে দেশে ফিরলে তাঁকে ওই রায়ের মুখোমুখি হতে হবে।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, হাজার হাজার মানুষ হত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে পালিয়ে যাওয়া কাউকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় কাজ করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও জানান, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ডের রায় কার্যকরের বিষয়টি সামনে আসবে।

দলে নিয়ন্ত্রণ ধরে রাখাই কি মূল লক্ষ্য?

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। তিনি সত্যিই দেশে ফিরতে চান, নাকি ভারতে অবস্থান করেই নিজের রাজনৈতিক গুরুত্ব ও আওয়ামী লীগের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছেন—এ নিয়ে আলোচনা চলছে।

ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান মনে করেন, পাসপোর্টের আবেদনটি অবিলম্বে দেশে ফেরার পরিকল্পনার চেয়ে আওয়ামী লীগের নেতৃত্ব ধরে রাখা এবং রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার প্রচেষ্টা হতে পারে।

তাঁর মতে, শেখ হাসিনা কোনো অবস্থাতেই অন্য কারও হাতে দলের নেতৃত্ব ছেড়ে দিতে চান না। নেতাকর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় রাখাও তাঁর এই উদ্যোগের একটি উদ্দেশ্য হতে পারে।

ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচও শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। আল জাজিরাকে তিনি বলেন, তাঁর দৃষ্টিতে এটি সমর্থকদের উজ্জীবিত করা এবং দেশে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা কমে যাওয়ার আলোচনা থেকে দৃষ্টি সরানোর একটি রাজনৈতিক কৌশল।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহানও মনে করেন, দেশে ফেরার ঘোষণা দিয়ে শেখ হাসিনা রাজনৈতিক আলোচনায় নিজের অবস্থান ধরে রাখতে চাইছেন। তবে বাস্তবে তাঁর ফিরে আসার সম্ভাবনা খুবই কম বলে মনে করেন তিনি।

অন্যদিকে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী এখনো শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আশাবাদী। আল জাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সাংগঠনিক সম্পাদক বলেন, তাঁদের নেত্রী দেশে ফিরবেন এবং সব ষড়যন্ত্র মোকাবিলা করবেন। তবে তাঁর ফেরার সুনির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে দলের অনেক নেতাকর্মীরই পরিষ্কার ধারণা নেই।

হাসিনাকে নিয়ে ভারতের কূটনৈতিক হিসাব

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ ভারতের অবস্থানের ওপরও অনেকাংশে নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ভারত তাঁকে আশ্রয় দিয়ে আসছে। তবে তাঁর ভারতে অবস্থান ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যু হয়ে উঠেছে।

বাংলাদেশ ইতোমধ্যে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে একাধিকবার আবেদন করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আবেদনগুলো আইনি পর্যালোচনায় রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও জোরদার করার আগ্রহও রয়েছে নয়াদিল্লির।

ওপি জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, ভারত শেখ হাসিনাকে দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু হিসেবে বিবেচনা করে। তবে তাঁকে ঘিরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জটিলতা সহজে কাটবে না।

অন্যদিকে সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ মনে করেন, ভারতে শেখ হাসিনার উপস্থিতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে বড় বাধা। এ পরিস্থিতিতে তাঁকে তৃতীয় কোনো দেশে পাঠানোর সম্ভাবনাও ভারতের বিবেচনায় আসতে পারে বলে মনে করেন তিনি।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমানের মতে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখলে ভারতের জন্য কূটনৈতিক অস্বস্তি তৈরি হতে পারে। আবার তাঁকে আশ্রয় থেকে বঞ্চিত করলেও আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তির ওপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিএনপির সঙ্গে সমঝোতার সম্ভাবনা কতটুকু?

শেখ হাসিনার দেশে ফেরা এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে বিএনপির সঙ্গে কোনো সমঝোতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে।

বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক সমঝোতার পথ অত্যন্ত কঠিন। বিগত বছরগুলোতে বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগ এবং আওয়ামী লীগ সরকারের আমলের রাজনৈতিক পরিস্থিতি এ ক্ষেত্রে বড় বাধা হিসেবে কাজ করছে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী শেখ হাসিনার আবার ক্ষমতায় ফেরার স্বপ্নকে দিবাস্বপ্ন বলে মন্তব্য করেছেন। তাঁর ভাষ্য, দেশে ফিরে আবারও আগের মতো শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চিন্তা শেখ হাসিনার জন্য বাস্তবসম্মত নয়।

ফয়েজ সোবহানের মতে, জবাবদিহি ও ক্ষমা প্রার্থনা ছাড়া রাজনৈতিক পুনর্মিলনের সম্ভাবনা খুবই সীমিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিষয়টিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে, শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ও দেশে ফেরার ঘোষণা শুধু একটি ভ্রমণসংক্রান্ত উদ্যোগ নয়; এর সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্ব, ভারতের কূটনৈতিক অবস্থান এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির নানা হিসাব-নিকাশ জড়িয়ে রয়েছে। তবে শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তা এখনো অনিশ্চিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top