সকল মেনু

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

রাজধানীর সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছানোর পর বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য নির্ধারিত বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। সাইকেলগুলোর মান ও ব্যবহারিক দিক নিজে যাচাই করতে তিনি সেগুলো চালিয়ে দেখেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়।

সরকারের এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে গিয়ে বিশেষ ধরনের সামরিক যান এটিভি চালিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top