ফরিদপুরের সালথায় পূর্বশত্রুতার জেরে একটি বসতঘরে হামলা, ভাঙচুর ও চুরির অভিযোগ উঠেছে। ঘরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল চুরির পাশাপাশি আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় সালথা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার আটঘর ইউনিয়নের ছোট বাবুইখোলা গ্রামে মোবারক মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার বাসিন্দা ইয়াসিন শেখের ছেলে সেকেন শেখ (৫৫) বর্তমানে ছোট বাবুইখোলা গ্রামে বসবাস করেন। স্থানীয় দলপক্ষ ও সালিশ বৈঠককে কেন্দ্র করে মোবারক মুন্সির সঙ্গে সেকেন শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
অভিযোগে বলা হয়, রোববার মোবারক মুন্সির পরিবারের সদস্যরা বেড়াতে যাওয়ায় বাড়িটি ফাঁকা ছিল। এ সুযোগে সেকেন শেখের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল রাতে ওই বাড়িতে যায়। পরে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এ সময় ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল ভাঙচুর করা হয়। বিষয়টি স্থানীয়রা টের পেলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সেকেন শেখ। তিনি বলেন, ‘আমি অসুস্থ মানুষ। কয়েক দিন আগে আমাকে কুপিয়ে আহত করা হয়েছে। আমি কীভাবে চুরি করব? গত রাতেও আমাদের এলাকায় চুরি হয়েছে। সেগুলো কে করেছে? মূলত আমাকে হয়রানি করার জন্যই এসব অভিযোগ করা হচ্ছে।’
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বলেন, ‘চুরির বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।