সকল মেনু

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: পালিয়ে বেড়ানো ইমন গ্রেপ্তার

কুষ্টিয়া শহরে বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। সে একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়ায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া। স্কুল থেকে ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে এসে তাকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে ইমন। পরে জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী ছুরি ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত জাকিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার হাত ও পিঠের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করা হয়। এরপর তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। ঘটনার পর ইমন পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যায়। তাদের বাসায় অভিযান চালিয়েও প্রথমে কাউকে পাওয়া যায়নি। পরে পুলিশের ধারাবাহিক অভিযানে পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আহত স্কুলছাত্রী শারীরিক ও মানসিকভাবে কিছুটা সুস্থ হলে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার সঙ্গে কথা বলা হবে। এরপর হামলার নেপথ্যের কারণ জানার চেষ্টা করবে পুলিশ।

এদিকে স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর সোমবার সন্ধ্যা থেকে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান শুরু করে জেলা পুলিশ। শহরের পুকুরপাড় ও জেলা পরিষদের রবীন্দ্র-লালন উদ্যান পার্কসহ বিভিন্ন আড্ডাস্থলে অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে ১৪ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top