কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগে অভিশংসন প্রস্তাবের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তাঁর বিরুদ্ধে আটটি অভিশংসন ধারা উত্থাপন করেছেন প্রতিনিধি পরিষদের সদস্য ও কেন্টাকির রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসি।
সোমবার (৯ নভেম্বর) প্রতিনিধি পরিষদে হেগসেথের বিরুদ্ধে এসব অভিযোগসংবলিত অভিশংসন প্রস্তাব উত্থাপন করেন ম্যাসি।
প্রস্তাবের অন্যতম অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দিয়ে সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন হেগসেথ। এ ছাড়া একক সিদ্ধান্তে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানসহ সামরিক বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত এবং অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার অভিযোগও আনা হয়েছে।
কংগ্রেসের নিয়ম অনুযায়ী, আগামী দুই দিন অভিশংসন প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট দেওয়ার কথা রয়েছে প্রতিনিধি পরিষদের সদস্যদের। তবে রিপাবলিকান নেতৃত্ব পদ্ধতিগত প্রস্তাবের মাধ্যমে সরাসরি ভোট এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন থমাস ম্যাসি।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তারা হয়তো মূল বিষয়ের ওপর সরাসরি ভোট দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবে। কিন্তু এই আটটি অভিশংসন ধারার ওপর আমাদের ভোট নেওয়া উচিত এবং এ নিয়ে কঠোর বিতর্ক হওয়া প্রয়োজন।’
কংগ্রেসের বর্তমান রাজনৈতিক সমীকরণে প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের নিয়ন্ত্রণ রয়েছে। ফলে অভিশংসন প্রস্তাবটি পাস হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে, সিনেটে কাউকে দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। ১০০ সদস্যের সিনেটে রিপাবলিকানদের ৫৩টি আসন থাকায় সেখানে প্রস্তাবটি অনুমোদন পাওয়া কঠিন হতে পারে।
এদিকে হেগসেথের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ও ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর অভিযান পরিচালনায় হেগসেথের ভূমিকা ইতিবাচক। তাঁর ভাষায়, ‘তিনি তো দুটি যুদ্ধ জিতেছেন। আমার বোধগম্য নয়, কীভাবে আপনারা তাকে অভিশংসিত করতে পারেন।’
পরে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, হেগসেথ অভিশংসনের মুখে পড়লেও তিনি তাঁর পাশে থাকবেন। একই সঙ্গে অভিশংসন প্রস্তাব উত্থাপনকারী থমাস ম্যাসির কঠোর সমালোচনা করেন তিনি।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন অভিশংসন প্রস্তাবটিকে অন্যায় বলে সমালোচনা করেছেন। তবে প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু দলের নেতা হাকিম জেফ্রিস এবং সিনেটের সংখ্যালঘু দলের নেতা চাক শুমারসহ ডেমোক্র্যাট নেতারা ম্যাসির প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন।
অভিশংসন প্রস্তাব নিয়ে নিজের অবস্থান জানিয়ে পিট হেগসেথ বলেন, তিনি এ নিয়ে চিন্তিত নন। প্রেসিডেন্ট ট্রাম্পের অতীত অভিজ্ঞতার উদাহরণ টেনে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প দুবার অভিশংসনের মুখে পড়েছিলেন; তাঁর ক্ষেত্রে এটি কাজ করেনি, আমার বেলাতেও করবে না।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে একবারই কোনো প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়েছিল। ১৮৭৬ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী উইলিয়াম বেলকন্যাপের বিরুদ্ধে বিপুল পরিমাণ ঘুষ গ্রহণের অভিযোগে অভিশংসন আনা হয়। পরে তিনি পদত্যাগ করেন।
থমাস ম্যাসির উত্থাপিত প্রস্তাব গৃহীত হলে প্রায় ১৫০ বছর পর আবারও কোনো মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ঘটনা ঘটবে।
সূত্র: রয়টার্স
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।