ন্যূনতম বেতনসহ তিন দফা দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে এক নারীসহ দুই শ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আহত শ্রমিকেরা হলেন আলমগীর ও রাজিয়া। তাঁদের শরীরে রাবার বুলেটের আঘাত লেগেছে। রাজিয়ার মাথায় রাবার বুলেটের আঘাত লাগায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ পোশাক কারখানায় কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকেরা মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এর পরপরই তাঁরা বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে জামগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়েও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।
একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের অন্য পোশাক কারখানার ফটকের সামনে গিয়ে বিক্ষোভ করেন। পরে তাঁরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে এবং ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে দুই শ্রমিক আহত হন।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ জানান, সকালে রাবার বুলেটের আঘাতে আহত দুই পোশাকশ্রমিক হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে রাজিয়ার মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সকালে পোশাকশ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন এবং সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ করে।
তিনি আরও জানান, এ ঘটনার পর জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।