সকল মেনু

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনকারী আইনজীবী নিজেই।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

এর আগে গত বৃহস্পতিবার এ বিষয়ে রিটটি দায়ের করেন ইউনুছ আলী আকন্দ। শুনানিতেও তিনি নিজেই অংশ নেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য ওই দল থেকে পদত্যাগ করলে কিংবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তাঁর সংসদীয় আসন শূন্য হবে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দের দাবি, এই বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন এবং তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top