সকল মেনু

ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মাওলানা ফয়জুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) ফরিদপুরের সালথা সদরে তাঁর নিজ বাড়িতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

এ উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।

মাওলানা ফয়জুর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফরিদপুর জেলা জজ কোর্টের জুরি হিসেবেও বিচারকাজে অংশগ্রহণ করেন। তৎকালীন সময়ে তিনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করেন। পরবর্তীতে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি অবিভক্ত নগরকান্দা উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। অবিভক্ত ভাওয়াল (ভাওয়াল-মাঝারদিয়া) ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ফরিদপুর জেলা ইমাম সমিতির সভাপতি ছিলেন এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন।

সালথা উপজেলার গর্বিত এই ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ২০১৬ সালের ১০ আগস্ট মৃত্যুবরণ করেন।

মাওলানা ফয়জুর রহমান ফরিদপুর ডায়াবেটিস সমিতি, ফরিদপুর সন্ধানী ডোনার ক্লাব, ফরিদপুর সাহিত্য পরিষদ এবং জাতীয় অন্ধকল্যাণ সমিতির (ফরিদপুর) আজীবন সদস্য ছিলেন। তাঁর প্রচেষ্টায় সালথা পোস্ট অফিস ও সিংহপ্রতাপ বরকতিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।

তিনি সালথা উপজেলার একাধিক প্রতিষ্ঠিত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। সর্বশেষ সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ করেন। পাশাপাশি তিনি সালথা উপজেলার নিকাহ রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেন।

উপজেলার একমাত্র ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মাওলানা ফয়জুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিলে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top