আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ মৎস্য পক্ষ পালিত হবে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
পোনামাছ অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, বিএনপি নেতা খায়রুল বাসার আজাদ, শাহিন মাতুব্বর, শাহিনুর রহমান শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।