নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া বিআরটিসির মহিলা বাস সার্ভিস ‘পিংক বাসে’ যুক্ত হয়েছে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট। পরীক্ষামূলকভাবে একটি চলন্ত বাসে স্টারলিংকের হাই পারফরম্যান্স ডিভাইস স্থাপন করে ইন্টারনেট সংযোগ দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। এ সময় একটি বাসে বিএসসিএলের স্থাপন করা স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ প্রদর্শন করা হয়।
বিএসসিএল জানায়, চলন্ত বাসে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়ার সম্ভাবনা যাচাইয়ের পাশাপাশি দেশের গণপরিবহনে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে এ পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, এই উদ্যোগের মাধ্যমে গণপরিবহনে যাত্রীদের জন্য উন্নত ডিজিটাল সংযোগ নিশ্চিত করার সম্ভাবনা যাচাই করা হবে। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন চলমান যানবাহনে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ ও কার্যকারিতাও পরীক্ষা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
বিএসসিএলের এই পরীক্ষামূলক উদ্যোগ সফল হলে ভবিষ্যতে দেশের গণপরিবহনসহ বিভিন্ন চলমান যানবাহনে স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সংযোগ ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।