সকল মেনু

উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

বিভিন্ন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব ও সমপদমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৬২ জন এবং বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তা রয়েছেন।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারের ১৯০ জন কর্মকর্তা রয়েছেন। এছাড়া কৃষি, আনসার, নিরীক্ষা ও হিসাব, সমবায়, সাধারণ শিক্ষা, পরিবার পরিকল্পনা, মৎস্য, স্বাস্থ্য, তথ্য (সাধারণ), তথ্য (বেতার-অনুষ্ঠান), তথ্য (বেতার-প্রকৌশল), প্রাণিসম্পদ, পুলিশ, ডাক, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত (সিভিল), রেলওয়ে (পরিবহন ও বাণিজ্যিক), রেলওয়ে (প্রকৌশল), সড়ক ও জনপথ, পরিসংখ্যান, কর ও টেলিযোগাযোগ ক্যাডারের কর্মকর্তারাও রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৬২ কর্মকর্তাকে পদোন্নতির পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কোনো কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে, বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে তাকে যোগদানপত্র দাখিল করতে হবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে পরবর্তীতে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় সংশোধন বা পদোন্নতির আদেশ বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে যোগদানপত্র দাখিল করতে পারবেন।

অন্যদিকে, বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ কর্মকর্তার পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়কে প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করতে বলা হয়েছে। আদেশ জারির পর কর্মকর্তারা উন্নীত পদে যোগদান করে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানপত্র পাঠাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, উন্নীত পদে যোগদানের তারিখ থেকে এসব কর্মকর্তা ওই পদের বেতন-ভাতা পাবেন। তবে বৈদেশিক ভাতা ও বিনোদন ভাতার ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনে মূল পদের জন্য নির্ধারিত হার প্রযোজ্য হবে। বদলি বা অন্য কোনো কারণে পদ শূন্য হওয়ার আগ পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top