মাহফিলে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না—এমন শর্তে ঝিনাইদহের কালীগঞ্জে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার অংশগ্রহণে তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সমঝোতা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলা প্রশাসন ও পুলিশের মধ্যস্থতায় কালীগঞ্জ থানায় দুই দলের নেতাদের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপজেলা জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এবং বিএনপির স্থানীয় নেতারা অংশ নেন। আলোচনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের সঙ্গে কথা বলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল আয়োজনের বিষয়ে ঐকমত্যে পৌঁছান তাঁরা।
বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি এবং জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সাবেক আমির অলিয়ার রহমানসহ দুই দলের স্থানীয় নেতারা।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, একই স্থানে দুটি পক্ষের কর্মসূচি নিয়ে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উভয় পক্ষের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সমঝোতা হয় এবং মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসা। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব এবং বিশেষ অতিথি হিসেবে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মাওলানা মতিয়ার রহমানের নাম ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, একই সময় ও একই মাঠে ‘সচেতন কালীগঞ্জবাসী ও ছাত্রজনতা’র ব্যানারে মাদকবিরোধী সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার দুপুর থেকে ইজিবাইকে মাইক লাগিয়ে শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচির প্রচার চালানো হয়।
একই স্থানে দুই পক্ষের কর্মসূচি ঘোষণার পর শহরজুড়ে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়। এমনকি ১৪৪ ধারা জারির সম্ভাবনাও তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত প্রশাসন ও পুলিশের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় সেই পরিস্থিতির অবসান ঘটে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।