সকল মেনু

সালথায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় রোজিনা বেগম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া এলাকায় স্বামী বাবুল ঠাকুরের বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহত রোজিনা বেগম স্থানীয় ইতালি প্রবাসী বাবুল ঠাকুরের স্ত্রী। তিনি পার্শ্ববর্তী রামকান্তপুর ইউনিয়নের খলিশাডুবি গ্রামের মৃত এসকেন মাতুব্বরের মেয়ে। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জেরে রোজিনা আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন রোজিনা। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top