দীর্ঘ ১৭ বছর অন্যায়, জুলুম, নিপীড়ন ও ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-জনতা দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা নতুন করে শুরু করেছে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। বিকেল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হয়।
স্পিকার বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় এ দেশের জনগণ বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়েছে। গণতন্ত্র ছাড়া কোনো দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
জাতীয় সংসদের দায়িত্ব ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের ইতিহাস আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গৌরবময় অধ্যায়। এ ইতিহাস আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত এ গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।
বক্তব্যের শেষ পর্যায়ে মহান আল্লাহর কাছে বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধি কামনা করেন স্পিকার। একই সঙ্গে সংসদ সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের শক্তি ও প্রজ্ঞা প্রার্থনা করেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।