সকল মেনু

ঘরে ঢুকে পড়ল ডাম্প ট্রাক, ঘুমন্ত শিশুর মৃত্যু; আহত অন্তঃসত্ত্বা মা

রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুভর্তি ডাম্প ট্রাক বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় ট্রাকের চাপায় মোছা সিনথিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার অন্তঃসত্ত্বা মা মোছা. আশা বেগম আহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খাসবাগ এলাকা থেকে বালুভর্তি একটি ট্রাক সাতমাথার দিকে যাচ্ছিল। পথে পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা মা-মেয়ে আহত হন। পরে তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে শিশু সিনথিয়ার মৃত্যু হয়। আহত মা আশা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top