বিশ্বজুড়ে জনপ্রিয় ‘দেসপাসিতো’ গানের দেশ পুয়ের্তো রিকোতে চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা। এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ বিজয়ী অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে নীল রঙের ঝলমলে গাউনে নজর কেড়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মাহি। ছবিতে তাঁকে নীল রঙের গ্লিটার ও সিকুইন কাজের গাউনে দেখা যায়। পোশাকটির করসেট-স্টাইলের ফিটিং, আকর্ষণীয় কাটআউট নকশা, সামনের হাই-স্লিট ও লম্বা ঝালরযুক্ত ট্রেইল তাঁর সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।
ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে দ্বিতীয় দিন। সুন্দর কিছু মুহূর্ত, নতুন বন্ধুত্ব, কঠোর পরিশ্রম আর স্মরণীয় সব অভিজ্ঞতায় কাটছে আরও একটি দিন। প্রতিটি পদক্ষেপে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।’
প্রকাশিত ছবির একটিতে ‘মিস ইউনিভার্স ইতালি’ ও ‘মিস ইউনিভার্স মিশর’-এর সঙ্গে দেখা গেছে মাহিকে। তাঁর সাজ ও উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন অনেকে। প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধির জন্য শুভকামনাও জানাচ্ছেন নেটিজেনরা।
উল্লেখ্য, ২০১৭ সালে পুয়ের্তো রিকোর গায়ক লুইস ফন্সি ও র্যাপার ড্যাডি ইয়াঙ্কির গাওয়া ‘দেসপাসিতো’ গানটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। ইউটিউবে গানটির মিউজিক ভিডিওর ভিউ ৯ দশমিক ১ বিলিয়নের বেশি।
এদিকে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর। বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছানোর লক্ষ্যে লড়ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।