সকল মেনু

আদালত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি নেত্রকোণায় গ্রেপ্তার

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে (২৫) নেত্রকোণা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দুই দিনের মাথায় বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে জেলার পূর্বধলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাউসার মিয়া নেত্রকোণা জেলার পূর্বধলা থানার ৮ নম্বর বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের মৃত রুকু মিয়ার ছেলে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে কাউসারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পোশাকশ্রমিক আলো আক্তার (১৭) হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে কাউসারকে গ্রেপ্তার করা হয়েছিল। মঙ্গলবার (১০ নভেম্বর) মামলার শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় ঢাকার কোতোয়ালি থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর দক্ষিণখান থানার দক্ষিণপাড়া এলাকায় পোশাকশ্রমিক আলো আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা রবিউল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা করেন। ওই দিনই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে টঙ্গী এলাকা থেকে কাউসারকে গ্রেপ্তার করে পুলিশ।

পরবর্তী সময়ে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কাউসার জানান, নিহত আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আলো অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় ক্ষোভের বশে তিনি তাকে হত্যা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন।

আদালত থেকে পালিয়ে যাওয়ার পর পুলিশি অভিযান চালিয়ে পুনরায় তাকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top