সকল মেনু

ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। বুধবার বিদ্যালয়ের উপাচার্য বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন। এদিকে আরও তিন সহকারী প্রক্টর বৃহস্পতিবারের (১২ নভেম্বর) মধ্যে পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে জানা গেছে।

পদত্যাগ করা তিন শিক্ষক হলেন—আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার।

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে তারা সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের দায়িত্ব ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ড. মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, বুধবার প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের সঙ্গে তার কথা হয়। এ সময় প্রক্টর পারিপার্শ্বিক চাপের বিষয়টি তুলে ধরেন। পরে পদত্যাগের বিষয়ে অনুরোধ জানানো হলে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, প্রক্টর সরাসরি কোনো আদেশ দেননি। বরং চারপাশের চাপের বিষয়টি উল্লেখ করে পদত্যাগের অনুরোধ জানিয়েছিলেন।

আরেক সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার জানান, ব্যক্তিগত, পারিবারিক ও একাডেমিক ব্যস্ততার কারণে তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রেও এসব কারণ উল্লেখ করেছেন তিনি।

এদিকে সহকারী প্রক্টরদের পদত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, বুধবার তিনি দুজনের পদত্যাগপত্র পেয়েছেন। তারা তাকে মাধ্যম হিসেবে উল্লেখ করেছিলেন। বৃহস্পতিবার একটি সভা শেষে আরও তিনজন পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগের পেছনে রাজনৈতিক চাপ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, যেকোনো বিষয়েই এমন অভিযোগ ওঠা স্বাভাবিক। তবে ঠিক কী কারণে তারা পদত্যাগ করেছেন, তা যারা দায়িত্ব ছেড়েছেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন।

উল্লেখ্য, সংশ্লিষ্ট সহকারী প্রক্টরদের বক্তব্য অনুযায়ী, মোট ছয়জনের পদত্যাগের কথা শোনা গেলেও এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top