ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে করা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রীসহ ৩৬ আসামির ভাগ্য নির্ধারণ হবে আগামী ১৯ নভেম্বর।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১৯ সালের শেষ দিকে ক্ষমতার অপব্যবহার ও জাল নথির মাধ্যমে ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়। এ জন্য আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখানো হয়। তাঁর নামে ইউসিবি থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, পরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তাঁর কর্মচারীদের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করেন। এরপর হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সেখানে সম্পত্তি কেনা হয় বলে অভিযোগ রয়েছে। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।
গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে জাবেদ, তাঁর স্ত্রী, ইউসিবির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়। মামলায় সাক্ষী করা হয়েছে ৯২ জনকে।
এর আগে ২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তাঁর স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান। পরবর্তী সময়ে তদন্তে আরও সাতজনের সংশ্লিষ্টতা পাওয়ার কথা উল্লেখ করে তাঁদেরও অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়। তবে দুই আসামির মৃত্যু হওয়ায় তাঁদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ইউসিবির সাবেক চেয়ারম্যান এম এ সবুর, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
রাষ্ট্রপক্ষ মামলায় ৯২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় এখন রায় ঘোষণার অপেক্ষা। আগামী ১৯ নভেম্বর আদালতের রায়ে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে করা এ মামলার বিচারিক নিষ্পত্তি হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।