গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫টি যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অক্ষত রয়েছেন সংসদ সদস্য।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ মোট ১৫টি যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে।
এ সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তিনি ঢাকা থেকে নির্বাচনী এলাকার উদ্দেশে যাওয়ার পথে মুকসুদপুরে দুর্ঘটনার কবলে পড়েন। তবে তিনি অক্ষত রয়েছেন।
দুর্ঘটনায় গুরুতর আহত রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত অন্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। গুরুতর আহত ২৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, দুর্ঘটনায় তাঁর গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তবে তিনি নিজে সুস্থ ও অক্ষত রয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।