জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে নতুন করে ঋণের বোঝায় না ফেলে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যয়ের প্রস্তাব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বক্তব্যে তিনি বলেন, বিশ্বে জলবায়ু অর্থায়নের বর্তমান ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারও এতে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি এসব দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরও ঋণ নয়, প্রয়োজন অনুদান। পাশাপাশি নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বরাদ্দ করা। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা দেওয়ার কথা বলেন তিনি।
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো ঋণ-ত্রাণ সুবিধা চালুর প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার, উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তর এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এ উদ্যোগের ভিত্তি হিসেবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের কথা উল্লেখ করেন তিনি।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর একটি। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগও উৎসাহিত করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও জানান, দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা, বিশেষ করে বৈদ্যুতিক যানবাহনের প্রসারেও কাজ করছে সরকার। এ ছাড়া পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো।
উপকূলীয় এলাকায় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, সম্মেলন থেকে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসা প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দিতে হবে, বৈশ্বিক সংহতি জোরদার করতে হবে এবং সম্মিলিতভাবে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের শহর আনতালিয়ায় গত ৯ নভেম্বর শুরু হয়েছে ১১ দিনব্যাপী কপ-৩১ সম্মেলন। এতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৯০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, গবেষক এবং প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনটি আগামী ২০ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।