বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বিদ্যমান আইন ও দুই দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ভারত। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বিষয়টি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়ার আওতাভুক্ত।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণসংক্রান্ত আবেদন একটি আইনি ও বিচার বিভাগীয় বিষয়। দুই দেশের বিদ্যমান আইনি কাঠামো ও প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী বিষয়টি এগিয়ে নেওয়া হবে।
একপর্যায়ে সাংবাদিকেরা জানতে চান, শেখ হাসিনা বাংলাদেশ সরকারকে চিঠি লিখে ভারতে নির্বাসনে থাকার কথা জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ সরকার তাকে ফেরত চেয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী?
জবাবে জয়সওয়াল আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষ্পত্তি করা হবে।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের মুখপাত্র বলেন, এ বিষয়ে বাংলাদেশের হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে।
এ ছাড়া ভ্রমণ নথি ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের যাতায়াতের জন্য স্বাভাবিকভাবেই ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়। তবে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি একটি কারিগরি ও আইনি প্রশ্ন। বিষয়টি সে অনুযায়ী বিবেচনা করা হবে।
ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ নিয়েও প্রশ্ন ওঠে। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে আগের ব্রিফিংয়ে তিনি বক্তব্য দিয়েছেন। এ মুহূর্তে নতুন কোনো তথ্য তাঁর কাছে নেই।
অন্যদিকে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয়। জয়সওয়াল জানান, এ বিষয়ে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই। তথ্য পাওয়া গেলে গণমাধ্যমকে জানানো হবে।
এদিনের ব্রিফিংয়ে ঢাকায় ধারণ করা কিছু ভিডিওকে ভারতের রাজধানী দিল্লির দৃশ্য হিসেবে প্রচারের অভিযোগও উঠে আসে। এ বিষয়ে চীনের সঙ্গে ভারতের যোগাযোগ হয়েছে কি না, জানতে চান সাংবাদিকেরা।
জবাবে জয়সওয়াল বলেন, গণমাধ্যমে এ ধরনের প্রতিবেদন তাঁরা দেখেছেন। কোনো দেশের বিষয়ে বিকৃত বা বিভ্রান্তিকর ছবি ও তথ্য প্রচার করা দুর্ভাগ্যজনক। ঢাকার দৃশ্যকে দিল্লির বলে উপস্থাপনের মাধ্যমে ভারতের রাজধানীকে ভুলভাবে তুলে ধরা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, চীনের সঙ্গে বিভিন্ন বিষয়ে ভারতের নিয়মিত আলোচনা হয়। সেই আলোচনার মধ্য দিয়ে উদ্বেগের বিষয়গুলো তুলে ধরা হয়। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।