সকল মেনু

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত শ্বাসনালি, সংকটাপন্ন ৪ রোগী

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। গুরুতর অবস্থায় চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। তাদের মধ্যে একজন লাইফ সাপোর্টে রয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের পর পর্যায়ক্রমে ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা।

রবিউল করিম খান পাপন বলেন, গুরুতর অসুস্থ রোগীদের শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত আসছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে শরীরে অক্সিজেনের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়। চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। তাদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তাঁর চিকিৎসায় পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজন রোগীর চোখও আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে।

ভারপ্রাপ্ত পরিচালক জানান, একজন সংকটাপন্ন রোগীর চিকিৎসার জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুর ১২টায় আরও একটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। সেখানে রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে কাউকে ছাড়পত্র দেওয়া যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, কিছু রোগী আতঙ্কিত হয়ে অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছেন। তাদের অনেকেই এখন সুস্থ। শারীরিক অবস্থা বিবেচনায় তাদের মধ্য থেকেও কাউকে কাউকে ছাড়পত্র দেওয়া হতে পারে। পরবর্তী সময়ে যারা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার উপযোগী হবেন, তাদেরও হাসপাতাল থেকে ছাড় দেওয়া হবে।

এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম এবং জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদসহ অন্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top