সকল মেনু

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটির প্রস্তাব প্রধানমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন এবং বিরোধী দলকেও সমসংখ্যক সদস্য মনোনয়ন দিতে আহ্বান জানান।

সংসদ নেতা বলেন, এই কমিটি সরকারের কাছে বিরোধী দলের পরামর্শ ও সুপারিশ তুলে ধরবে। সেসব সুপারিশের মধ্যে বাস্তবসম্মত প্রস্তাব থাকলে তা বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে। তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে, তবে জনগণের স্বার্থে সরকার যেকোনো পক্ষের সঙ্গে আলোচনায় প্রস্তুত।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী দলও পাঁচ সদস্যের নাম দিলে ১০ সদস্যের এ কমিটি বসে জ্বালানি সংকট ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করতে পারবে।

সরকারি দলের মনোনীত সদস্যরা হলেন—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। কমিটির সভাপতি হিসেবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নামও প্রস্তাব করেন প্রধানমন্ত্রী।

এর আগে বুধবার সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সরকার ও বিরোধী দলের যৌথ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন। তিনি বলেন, বিরোধী দলের পক্ষেও কিছু পরামর্শ রয়েছে, যা নিয়ে একসঙ্গে কাজ করা সম্ভব।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ঘোষণার পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় সমস্যা সমাধানে সংসদ কার্যকর ভূমিকা রাখবে।

জামায়াত আমির বলেন, বিরোধী দলের পক্ষ থেকেও দ্রুত সদস্যদের নাম জানানো হবে।

সংসদ অধিবেশন পরিচালনাকারী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সরকার ও বিরোধী দলের এ ধরনের সমন্বয়কে ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এতে জনমনে আশার সঞ্চার হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই বিরোধী দলের সদস্যদের নাম ঘোষণার প্রত্যাশা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top