দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনের ইতি টেনে অবসরে গেলেন ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলম। এ উপলক্ষে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে রবিবার (১২ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক আবেগঘন বিদায় সংবর্ধনা।
বিদায় বেলায় প্রিয় শিক্ষককে ঘিরে আবেগাপ্লুত হয়ে পড়েন সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকেই কান্নায় ভেঙে পড়েন, যা পুরো অনুষ্ঠানস্থলে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি করে।
জানা যায়, মো. রবিউল আলম ১৯৯০ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৬ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর টানা প্রায় ২০ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২৬ সালের মার্চ মাসে তিনি অবসর গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন সময়ে অসংখ্য সম্মাননা ও পুরস্কার অর্জন করেন।

ব্যক্তিজীবনে মো. রবিউল আলম একজন সৎ, মেধাবী, ধৈর্যশীল ও পরিশ্রমী শিক্ষক হিসেবে পরিচিত। তিনি এক ছেলে ও তিন কন্যার জনক। তাঁর স্ত্রী গৃহিণী।
বিদায় অনুষ্ঠানে বিদ্যালয় মাঠে জড়ো হন সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিদ্যালয় ও উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে ফুলে সাজানো একটি প্রাইভেট কারে করে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহেনা পারভিনের সভাপতিত্বে এবং বড় কাজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম। এছাড়াও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।