সীমান্তের ওপারে কে কী করছে, তা জানেন না; তবে বাংলাদেশের ভেতরে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক কিছু সহিংসতায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ গুরুতর আহত। কারও মাথায় আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। অনেকেই চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হবে এবং কারও কারও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।
আহত পুলিশ সদস্যদের কয়েকজনকে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে জানিয়ে তিনি বলেন, পুলিশের সদস্যরা চাকরির শুরু থেকেই সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকেন। শ্রমিক আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছেন, কিন্তু তাঁরা আন্দোলনরত শ্রমিকদের আঘাত করেননি। বিষয়টি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
দেশে চলমান সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কোনো বার্তা আছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। তাদের কাজই হলো পরিস্থিতি মোকাবিলা করা। দেশে যেকোনো সময় অস্থিরতা সৃষ্টি হতে পারে—এটি বিবেচনায় রেখেই পুলিশ ও অন্যান্য বাহিনী কাজ করে।
দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওয়ের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারও কারও কর্মসূচি থাকতে পারে। তবে শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। কিছু শ্রমিক নামধারী ব্যক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন, তবে তাঁরা সফল হবেন না বলে মনে করেন তিনি।
সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের দু-একটি জায়গায় এ ধরনের মিছিল হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এগুলো বিচ্ছিন্ন ঘটনা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।