সকল মেনু

সাভারে রাতভর তিন বাসে আগুন, আতঙ্কে চালক-শ্রমিক

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি বাস পুড়ে গেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে ও ভোরে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় রাত দেড়টার দিকে একটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় আলিফ পরিবহনের পার্কিং করা আরেকটি বাসে আগুন লাগে। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় রাত ৩টা ১৫ মিনিটের দিকে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

শনিবার সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে বলিভদ্র এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ভোর সাড়ে ৪টার দিকে নরসিংহপুর এলাকায় আলিফ পরিবহনের পার্কিং করা একটি বাসে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, রাত ৩টা ১৫ মিনিটের দিকে ব্যাংক টাউন এলাকায় পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসে আগুন দেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top