সকল মেনু

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, গুলিবর্ষণ

রাজশাহীর পবা উপজেলার একটি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) উপকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত উপকেন্দ্রে ঢুকে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। আরও চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে।

হামলায় উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। সেখানে দায়িত্বে থাকা লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য ওই উপকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল জানান, আগের দিনের ঘটনার পর কার্যালয়ের নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছিল। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং নিজস্ব নিরাপত্তার জন্য লোকবল বাড়ানো হয়েছে। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে দায়িত্ব দেওয়া হয়। পুলিশ প্রশাসনকেও নিরাপত্তা ও টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।

তিনি বলেন, ঘটনার সময় তাঁদের লোকজন পাহারায় ছিলেন। পুলিশকে খবর দেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এরপরও দুর্বৃত্তরা অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে পালিয়ে যায়।

নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, পরপর দুই দিন হামলার ঘটনায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খড়খড়ি কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে। হামলাকারীদের মুখ বাঁধা ছিল। ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান।

তিনি আরও বলেন, আগের দিনও হামলার ঘটনা ঘটেছে। পরপর দুই দিন এমন পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। তাঁরা এখন নিরাপদ বোধ করছেন না।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রথম দিন পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। এ কারণে দ্বিতীয় দিন আবার হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে একটি পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top