বেতন বৃদ্ধির দাবিতে টানা প্রায় এক মাসের আন্দোলনের পর স্বস্তি ফিরেছে গাজীপুরের শিল্পাঞ্চলে। নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা। একই সঙ্গে বন্ধ থাকা কারখানাগুলোও খুলে দেওয়া হয়েছে। এতে শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিচ্ছেন।
জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে শ্রমিক আন্দোলনে উত্তপ্ত ছিল গাজীপুর। এ আন্দোলনের কারণে শিল্পাঞ্চলের প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। প্রতিদিন শ্রমিকদের বিক্ষোভের কারণে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হতো। তবে মজুরি বোর্ডের ঘোষিত নতুন মজুরি মেনে নিয়ে শ্রমিকরা কাজে ফিরেছেন। এতে শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসতে শুরু করেছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৯টা) জেলার কোথাও আন্দোলন, বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
জেলার পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, ‘নতুন মজুরিতে আমরা খুশি। আমরা আর কোনো আন্দোলন চাই না। সরকারকে ধন্যবাদ জানাই। আজ থেকে আমরা আনন্দের সঙ্গে কাজ করব।’
পোশাকশ্রমিক রাহিমা ও ইতি আক্তার বলেন, ‘আগে যে বেতন পেতাম, তা দিয়ে মাসের খরচ চালানো কঠিন হতো। বাড়িভাড়া অনেক বেশি, বাজারে জিনিসপত্রের দামও বেশি। তবে এখন আমরা খুশি। আমাদের আর আগের মতো কষ্ট হবে না।’
কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, আন্দোলন থেকে শ্রমিকরা বেরিয়ে এসেছেন। তাঁরা আনন্দের সঙ্গে কারখানায় যোগ দিচ্ছেন। এখন অনেক স্বস্তি দেখা দিয়েছে। সরকারের নির্ধারিত বেতনে শ্রমিকরা খুশি। কারখানা ভালো চললে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই ভালো থাকবে। দেশের পোশাকশিল্পও এগিয়ে যাবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশা করা হচ্ছে, আজ থেকে শ্রমিকরা আর আন্দোলনে জড়াবেন না; বরং কাজে মনোনিবেশ করবেন। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।