মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেলিম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, সংঘর্ষের পর সেলিমের মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আওলাদ মোল্লা মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। অন্যদিকে রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত সপ্তাহেও পক্ষ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আবারও সংঘাত ছড়িয়ে পড়ে। চরডুমুরিয়া ও সামারচরসহ আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন সংঘর্ষ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।