গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকার দেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকারের উদ্বেগ ও প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, এ কর্মসূচি ঢাকায় তেমন কোনো প্রভাব ফেলবে না। সারা দেশেও বড় ধরনের সমস্যা হবে বলে সরকার মনে করছে না।
গোপালগঞ্জের সহিংসতার বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও এ বিষয়ে কথা বলেছেন। আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। এর সঙ্গে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, ‘যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে সেখানে যৌথবাহিনী রয়েছে। তারা গ্রেপ্তার হবে এবং নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যারা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বহন করতে হবে।
গোপালগঞ্জের ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রত্যাহার করা মানেই সংশ্লিষ্ট কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন, এমন নয়।
সহিংসতার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে পুলিশ অপরিহার্য প্রতিষ্ঠান। তবে পুলিশ যেন সবচেয়ে কম বলপ্রয়োগ করে এবং কম হতাহতের মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে পারে, সেভাবেই কাজ করতে হবে।
তিনি বলেন, গোপালগঞ্জে প্রথম দিন পরিস্থিতি যেভাবে সহিংস ছিল, তাতে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে যে কৌশল নেওয়া হয়েছে, তা সরকারের পরিকল্পনার অংশ ছিল।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের নজরদারি কীভাবে পরিচালিত হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয়। এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত।
সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ে অনেক কর্মকর্তার সঙ্গে দলটির রাজনৈতিক সম্পৃক্ততা বা ঘনিষ্ঠতা ছিল। তবে দায়িত্বে থাকা অবস্থায় কেউ রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে যুক্ত থাকলে তা উদ্বেগজনক। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
এদিকে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ও পরবর্তী পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে চুক্তির পরবর্তী অবস্থা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো সম্ভাবনা নেই। গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার সঙ্গে প্রধানমন্ত্রীর সফরকে সরাসরি যুক্ত করার সুযোগ নেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।