সকল মেনু

আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির পলাতক নেতারা দেশে ফেরার চেষ্টা করলে জনগণ তাদের কচুকাটা করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সম্প্রতি বিভিন্ন টকশোতে আওয়ামী লীগের পক্ষে অনেককে কথা বলতে দেখা যাচ্ছে। আওয়ামী লীগ ফিরে এলে হয়তো তাঁরা বিভিন্ন পদ পাবেন। কিন্তু আওয়ামী লীগ দেশে ফিরলে জনগণ কচুকাটা করবে। তাই জনগণ আওয়ামী লীগকে তাঁদের দৃষ্টিতে দেখবে—এমনটা মনে করা ভুল।

তিনি আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগ দেশেও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু দেশের কিছু গণমাধ্যম দলটির নাম উল্লেখ করছে না। অথচ অতীতে কোথাও নাশকতার ঘটনা ঘটলে এসব গণমাধ্যম জামায়াতের তাণ্ডব কিংবা বিএনপির অগ্নিসন্ত্রাস বলে শিরোনাম করত।

বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়নি উল্লেখ করে হাসনাত বলেন, যদি তা-ই হতো, তাহলে ২০২৩ সালের অক্টোবর কিংবা ২০১৩ সালের মার্চ ফর ডেমোক্রেসিতেই তারা সফল হতো। তাই এসব বিষয় আরও পর্যালোচনা করা উচিত।

অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে এনসিপি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top