সকল মেনু

কাশিমপুর কারাগারে দুই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে দুই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. ফরহাদ (৪১)। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কারাগারের হিমেল ভবনের নিচতলার একটি সেল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ফরহাদ টাঙ্গাইল সদর থানার শালিনাপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার যথাসময়ে কারাগারের কয়েদিদের গণনা শেষে লকার করা হয়। হিমেল ভবনের নিচতলায় টাঙ্গাইলের এক নারী ও এক পুরুষ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফরহাদ তাঁর দুই মামলার সহযোগীসহ বন্দি ছিলেন। গভীর রাতে তাঁর সঙ্গীরা সেলের জানালায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখতে পান।

খবর পেয়ে কারা কর্মকর্তারা তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার আরও জানান, নিহতের স্বজনেরা কারাগারে এসেছেন। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কারা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৬ আগস্ট কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরহাদকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়। টাঙ্গাইল মডেল থানার দুটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি কারাগারে ছিলেন।

এ ছাড়া প্রায় এক বছর ধরে তিনি তীব্র মাথাব্যথা, দৃষ্টিজনিত বিভ্রমসহ কয়েকটি শারীরিক সমস্যায় ভুগছিলেন। একাধিকবার কারা হাসপাতালের অধীনে তাঁর চিকিৎসাও নেওয়া হয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top