সকল মেনু

দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, বাহিনীতে অস্বস্তি

দায়িত্বশীল পদে থাকা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় পুলিশ বাহিনীর ভেতরে তৈরি হয়েছে চাপা অস্বস্তি। রাজনৈতিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কথোপকথন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে দুই কর্মকর্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পর বাহিনীর সদস্যদের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সহকর্মীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, পেশাদারিত্ব ও তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুলিশ সদস্যদের কারও কারও মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন—‘ওসি রাকিবুল, এসপি জাহাঙ্গীর, এরপর কে?’

সর্বশেষ গত শনিবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং মোবাইল ফোনে বিভিন্ন বার্তা বিনিময়ের অভিযোগে পাঁচলাইশ থানায় মামলাটি করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল কাসেম চৌধুরী। মামলার পরপরই গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীর আলমকে।

মামলার এজাহারে বলা হয়, গত ৮ নভেম্বর রাত ৯টা ২৩ মিনিটে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর থেকে ‘ডেড্রিমার’ নামের একটি অ্যাপের মাধ্যমে বার্তা পাঠানো হয়।

বার্তায় ইংরেজিতে লেখা ছিল, ‘প্রিয় স্যার, আপনার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ, ডিসেম্বরে বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। ভালো থাকবেন স্যার। শুভেচ্ছান্তে।’

এর সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান এবং ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও কিছু বক্তব্য পাঠানো হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও জাহাঙ্গীর আলম টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। বর্তমান সরকার ও রাষ্ট্রব্যবস্থা উৎখাত করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রে যুক্ত হওয়া বা সহযোগিতা করার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এজাহারের সঙ্গে মোবাইল ফোনে পাঠানো বার্তার স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলমের স্ত্রী মাছুমা আক্তার। তাঁর দাবি, স্বামীর মোবাইল ফোন হ্যাক করে ষড়যন্ত্রমূলকভাবে এসব বার্তা পাঠানো হয়েছে। তাঁর স্বামী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।

সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন, মঞ্জুর চার দিন

মামলার পরদিন রোববার (১৫ নভেম্বর) বিকেলে জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফার আদালতে হাজির করা হয়। পুলিশ তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে সাত দিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে মামলা করা হয়েছে।

তিনি জানান, নিয়মিত মামলার তদন্তের পাশাপাশি বিভাগীয় প্রক্রিয়াও চলবে। জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গ্রেপ্তার হন সাবেক ওসি রাকিবুল

জাহাঙ্গীর আলমের আগে একই ধরনের রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হন ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসান। গত ১৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

ওই অডিওতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং পুলিশে পদায়নে অর্থ লেনদেনের অনিয়ম নিয়ে কথা বলতে শোনা যায় রাকিবুল হাসানকে।

অডিও ছড়িয়ে পড়ার পর তাঁকে ওসির দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ২৪ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। ওই দিনই তাঁকে আদালতে হাজির করা হলে প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলায় রাকিবুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়। তদন্তের প্রয়োজনে অডিওতে কথোপকথনে থাকা অপর ব্যক্তিকে শনাক্ত এবং রাকিবুলের কণ্ঠস্বর পরীক্ষার বিষয়টিও সামনে আসে।

সর্বশেষ ১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত রাকিবুল হাসানের জামিন আবেদন নাকচ করেন।

পুলিশের ভেতর অস্বস্তি, যা বলছেন কর্মকর্তারা

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একাধিক কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে দুজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনা বাহিনীর ভেতরে মানসিক চাপ ও আস্থার সংকট তৈরি করেছে। পুলিশ একটি শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার বাহিনী হওয়ায় সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সহকর্মীদের রাজনৈতিক যোগাযোগ, গোপন তৎপরতা ও স্পর্শকাতর তথ্য বিনিময়ের অভিযোগ সামনে আসায় সন্দেহ ও অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

তাঁরা আরও বলেন, গুটিকয়েক ব্যক্তির বিতর্কিত কর্মকাণ্ডের দায় পুরো বাহিনীর ওপর পড়ার আশঙ্কায় মাঠপর্যায়ের সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সদস্যরা বিব্রত হচ্ছেন। কে কার সঙ্গে যোগাযোগ রাখছেন, কার মোবাইল ফোনে কী ধরনের তথ্য বিনিময় হচ্ছে কিংবা কোন কর্মকর্তা কার নজরদারিতে রয়েছেন—এসব বিষয় নিয়ে সদস্যদের মধ্যে একধরনের আতঙ্ক কাজ করছে।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ‘আমাদের হাজার হাজার পুলিশ সদস্য অত্যন্ত নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে দেশ ও জনগণের সুরক্ষায় কাজ করে যাচ্ছেন। গুটিকয়েক ব্যক্তির ব্যক্তিগত দায় বা বিচ্যুতির কারণে পুরো বাহিনীর অর্জন ও ভাবমূর্তি ম্লান হতে পারে না।’

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর ভেতরে নৈতিকতা, পেশাদারিত্ব ও সুশাসন জোরদার করতে তাঁরা নিরলসভাবে কাজ করছেন। কোনো ধরনের ষড়যন্ত্র বা নেতিবাচক পরিস্থিতি যেন জনসেবামূলক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে তাঁরা সব সময় সজাগ রয়েছেন।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, পুলিশ বাহিনী একটি সম্পূর্ণ পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান। বাহিনীর ভেতরে কেউ কোনো ধরনের শৃঙ্খলাবহির্ভূত বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না। স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাহিনীর ভেতরে সুশাসন ও জবাবদিহি আরও দৃঢ় করাই তাঁদের লক্ষ্য, যাতে জনগণ পুলিশকে আরও বেশি আস্থার জায়গা হিসেবে দেখতে পারে।

অন্যদিকে, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব ও আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, অপরাধে যাঁদের সম্পৃক্ততা পাওয়া যাবে এবং তদন্তে যাঁদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। তবে নিরপরাধ কাউকে অভিযোগের আড়ালে হয়রানি কিংবা ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করা হলে, যারা এমন কর্মকাণ্ডে জড়িত, তাঁদেরও আইনের আওতায় আনতে হবে। অন্যথায় তা হবে মানবাধিকারের চরম লঙ্ঘন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের ক্ষতি হয় বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত, আতঙ্ক তাদের মধ্যেই তৈরি হওয়া উচিত। নিরপরাধ ও পেশাদার পুলিশ সদস্যদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top