সকল মেনু

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, বসানো হচ্ছে রিং

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তার হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) বসানোর প্রস্তুতি চলছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে তার এনজিওপ্লাস্টি করার কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে।

পরে চিকিৎসকেরা এনজিওপ্লাস্টির মাধ্যমে ব্লকগুলোর চিকিৎসা এবং স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন। তার চিকিৎসার সার্বিক দায়িত্বে রয়েছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান। তার নেতৃত্বেই স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে মন্ত্রীকে হাসপাতালে আনা হয়। পরে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়।

এদিকে, চিকিৎসার জন্য দেশের হাসপাতালকেই বেছে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পরিবারের এক সদস্য জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজেই দেশে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রোববার বিকেল ৪টার দিকে তার হৃদযন্ত্রে স্টেন্ট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top