সকল মেনু

ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এবার হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংগঠনটি। তিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন। খবর আল জাজিরার।

সামির আবু ইউনুসের আগে রাফাহ ব্রিগেডের দায়িত্বে ছিলেন নায়েল আবু ওবেইদ। ‘আবু আতিয়া’ নামে পরিচিত এই কমান্ডার ২০২৬ সালের সেপ্টেম্বরে নিহত হন। এরপর তার স্থলাভিষিক্ত হন সামির আবু ইউনুস।

এর আগে গত বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, ওই হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

তবে ওই হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ ছয়জন নিহত হন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে।

হামাসের দাবি, হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইসরাইলের বক্তব্য বেসামরিক চিকিৎসাকেন্দ্রে সংঘটিত যুদ্ধাপরাধ আড়াল করার চেষ্টা ছাড়া আর কিছু নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী, চিকিৎসাকেন্দ্র সুরক্ষিত স্থাপনা।

এর আগে এক বিবৃতিতে হামাস বলেছিল, ইসরাইলি বাহিনীর চলমান লঙ্ঘন বন্ধ এবং যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এদিকে, গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top