সকল মেনু

পুলিশের স্পর্শকাতর তথ্য আ.লীগের কাছে পাচার করতেন এসপি জাহাংগীর

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে পুলিশের স্পর্শকাতর তথ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের একটি দল।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর মামলা করা হয়। এরপরই তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি ঘিরে পুলিশের প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও কোথায় কোথায় পুলিশ মোতায়েন করা হবে, সে-সংক্রান্ত তথ্য দলটির নেতাকর্মীদের সরবরাহ করার অভিযোগ রয়েছে জাহাংগীর আলমের বিরুদ্ধে।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য আদান-প্রদানের অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্তের অংশ হিসেবে গত ১০ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জাহাংগীর আলমকে তার কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার ব্যবহৃত ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রাথমিকভাবে জব্দ করা মোবাইল ফোনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানের আলামত পাওয়া গেছে। তবে ফোনের ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাহাংগীর আলমের মোবাইল ফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে মানুষের রাজপথে নামার সম্ভাবনার কথা উল্লেখ ছিল। ওই বার্তায় ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হওয়ার প্রসঙ্গ এবং ‘বাংলাদেশকে উদ্ধার করতে হবে’—এমন বক্তব্যও ছিল।

জাহাংগীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় গ্রেফতারের পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top