সকল মেনু

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়া সংশ্লিষ্ট কর্মকর্তার একান্ত ব্যক্তিগত দায়। এর দায় বাহিনী নেবে না।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিএমপি কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসান মো. শওকত আলী বলেন, যিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়েছেন, এটি তার ব্যক্তিগত দায়। তিনি ব্যক্তিগত দায় থেকেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছেন। এ ক্ষেত্রে বাহিনীর কোনো দায় নেই। পুলিশ বাহিনী কখনো তার দায় নেবে না।

মামলার বিষয়ে সিএমপি কমিশনার জানান, গত শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে একটি মামলার এজাহার আসে। রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ায় আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন ছিল। অনুমোদন পাওয়ার পর পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা হিসেবে এটি নথিভুক্ত করা হয়।

তিনি বলেন, মামলা রুজুর পরপরই এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও এই ইউনিট করবে। নিয়ম অনুযায়ী, রোববারই তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ বাহিনীর ভেতরে এ ঘটনায় কোনো মানসিক চাপ তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এটি মানসিক চাপে পড়ার বিষয় নয়। কারণ, সংশ্লিষ্ট কর্মকর্তার কর্মকাণ্ডের দায় একান্তই তার ব্যক্তিগত।

তিনি আরও বলেন, বার্তাটি স্পষ্ট—যে-ই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন, তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

**মুঠোফোনে পাওয়া গেছে দুটি গুরুত্বপূর্ণ বার্তা**

এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে আগামী ডিসেম্বরের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসিত করার পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও উল্লেখ ছিল।

ডিআইজি জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলো ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। ফরেনসিক পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা করার প্রক্রিয়া শুরু হয় বলে জানান তিনি।

যে অভিযোগে গ্রেপ্তার

পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এসপি জাহাঙ্গীর। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। পরে নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top