এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়ে উন্নতি হবে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে আবেদনের সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেন সময়ের অপচয় না হয়, সে জন্য সেশনজট কমিয়ে আনতে হবে। শিক্ষাখাতের উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক বিনিয়োগ করছে, যা পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে গবেষকদের যথাযথভাবে কাজে লাগাতে হবে।
দেশের অর্থনীতিতে পাটের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পাট বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। এটি পরিবেশবান্ধব, টেকসই ও নিরাপদ। পাটের এ সম্ভাবনাকে কাজে লাগাতে পাটতন্তু দিয়ে তৈরি পণ্যের বহুমুখীকরণ করতে হবে। এ জন্য পাটপণ্য নিয়ে গবেষকদের আরও বেশি গবেষণা করা প্রয়োজন।
বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. ইমরান কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফাসানি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।