বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের (এয়ার ট্রাফিক কন্ট্রোল) যোগাযোগব্যবস্থায় বড় ধরনের ত্রুটির কারণে চার ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে দেশজুড়ে উড়োজাহাজ চলাচল স্থগিতের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। পরে রাত ৮টা ১৫ মিনিটে এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় বিভ্রাট দেখা দেওয়ার পর এফএএ এ সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থা বিকল হওয়া এবং পুরোনো নেটওয়ার্ক রাউটারে অতিরিক্ত ডেটার চাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এ ঘটনায় দেশটির বিভিন্ন বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয় এবং প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচিতে বিলম্ব ঘটে। আকাশে থাকা উড়োজাহাজগুলোকে অবতরণের অনুমতি দেওয়া হলেও মাটিতে থাকা বিমানগুলো উড্ডয়ন করতে পারেনি।
এ বিভ্রাটের প্রভাব যুক্তরাষ্ট্রের বাইরেও ছড়িয়ে পড়ে। কানাডা ও ইউরোপের বিভিন্ন রুটেও ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার পেছনে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত কোনো বিদ্বেষপূর্ণ হামলার আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটিকে টেলিযোগাযোগ ব্যবস্থার বিভ্রাট বলে মনে করা হচ্ছে। বিষয়টি প্রেসিডেন্টকে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি ১১ সেপ্টেম্বরের হামলার মতো কোনো ঘটনা নয়। নতুন এআই-চালিত এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমসহ বিভ্রাটের সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতা নতুন নয়। পুরোনো প্রযুক্তি, যোগাযোগ সরঞ্জামের ত্রুটি এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ঘাটতিসহ নানা সমস্যায় দীর্ঘদিন ধরে চাপের মুখে রয়েছে এ ব্যবস্থা।
এফএএ জানিয়েছে, ২০২৮ সালের শেষ নাগাদ দেশজুড়ে ৪০০টির বেশি কেন্দ্রে আবহাওয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহে ব্যবহৃত ফ্লপি ডিস্কের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করা হবে।
ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বোস্টন থেকে সিয়াটল এবং নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বিমানবন্দরগুলোর ডিপারচার হলে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে হয়। একের পর এক ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘোষণা দেওয়া হয়। গেট পূর্ণ থাকায় অনেক উড়োজাহাজ ট্যাক্সিওয়েতেও আটকে পড়ে।
সূত্র: রয়টার্স, সিএনএন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।