সকল মেনু

ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার, মিলেছে ৫৬৮টি ডিমান্ড লেটার

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছে সরকার। সব প্রক্রিয়া চূড়ান্ত করে ডিসেম্বরের আগেই কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার। মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী নির্বাচন ও সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাশেদুল হক বলেন, এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পাওয়া গেছে। ডিসেম্বরের আগেই প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। ডিএইচএলের সহযোগিতা পেলে দ্রুত কর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হবে। কোনো কারণে এক-দুই দিন দেরি হলেও ডিসেম্বরের আগেই কার্যক্রম শুরু করার চেষ্টা থাকবে।

বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে চূড়ান্ত বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, গত ২ নভেম্বর মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

তিনি জানান, সমান সুযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে দুটি পদে ৩০০ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।

রাশেদুল হক বলেন, বাছাই প্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। নিয়োগকর্তা যাঁদের নির্বাচন করবেন, তাঁরাই চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন।

তিনি আরও জানান, এ নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। এ ক্ষেত্রে বোয়েসেল নিয়োগকারী প্রতিষ্ঠান কিংবা কর্মীর কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না।

নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত কেউ অর্থ দাবি করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এ সময় প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানান।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। শ্রমিকেরা যেন নিজেদের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কাজের সুযোগ পান, তা নিশ্চিত করতে কাজ করছে বোয়েসেল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top