সকল মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বগিটির কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় মোরছালিন (১৮) ও রনি (২০) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনটি শান্টিং করার সময় এ ঘটনা ঘটে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তিতাস কমিউটার ট্রেনটি প্রতিদিন ভোর ৫টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বুধবার ভোরে ট্রেনটি শান্টিং করার সময় গেটকিপার স্বাধীন আহমেদ একটি বগির ভেতরে আগুন দেখতে পান।

বিষয়টি দেখতে পেয়ে তিনি দ্রুত রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বগিটির কয়েকটি আসন পুড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে বগিটিতে আগুন দেওয়া হয়েছে।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে আলাদা করে রাখা হয়েছে। পরে প্রায় এক ঘণ্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি যৌথ অভিযান চালিয়ে মোরছালিন ও রনি নামে দুজনকে আটক করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top