সকল মেনু

গোয়েন্দা কার্যালয়ের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: সংসদে জামায়াত আমির

গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, অথচ বিরোধী দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করতে গোয়েন্দা সদস্যরা সক্রিয় রয়েছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গোয়েন্দা সংস্থার অফিসের সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ হচ্ছে। ওইটাই নিরাপদ নাই, সেই গোয়েন্দারা কী করে?’

গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষ্য, অনেক সময় গোয়েন্দা সংস্থার সফলতার কথা বলা হলেও সেসব তথ্যের সত্যতা নিয়ে সন্দেহ থাকে। কিছু তথ্যকে নিশ্চিত বলা হলেও বাস্তবে তা ভুয়া প্রমাণিত হয়।

বিরোধী দলের সংসদ সদস্যদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে চাপ দেওয়ার অভিযোগও করেন জামায়াত আমির।

এক সংসদ সদস্যের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার একটি দপ্তর থেকে ফোন করে তাঁকে জামায়াত ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। বিষয়টি উল্লেখ করে ডা. শফিকুর রহমান ওই সংসদ সদস্যকে ফোন নম্বরটি সংরক্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানান।

তিনি বলেন, ‘আমি তাকে বলেছি, এটা ভুয়াও হতে পারে, সঠিকও হতে পারে। এই নম্বরটা রেকর্ড করে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে দিয়ে দেই, তারা দেখুক সে কে।’

কোনো রাজনৈতিক দল ছাড়ার নির্দেশ দেওয়ার অধিকার গোয়েন্দা সংস্থার সদস্যদের আছে কি না, সেই প্রশ্নও তোলেন বিরোধীদলীয় নেতা।

এ ধরনের কর্মকাণ্ডকে ঔদ্ধত্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগ। আমরা ওই যুগটা আর ফিরে আসুক দেখতে চাই না।’

গোয়েন্দা সংস্থাগুলোর মূল দায়িত্ব দেশের নিরাপত্তা নিশ্চিত করা উল্লেখ করে তাদের কার্যক্রমে পেশাদারত্ব ও জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন জামায়াত আমির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top