সকল মেনু

রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলী রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলোর প্রত্যাহারের অগ্রগতি সম্পর্কে জানতে চান। এসব মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণ এবং এ বিষয়ে সরকারের কোনো নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কি না, তাও জানতে চান তিনি।

জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়ে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রম আরও গতিশীল করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে মামলা প্রত্যাহারের আবেদন যাচাই-বাছাইয়ের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

আইনমন্ত্রী জানান, জেলা পর্যায়ের এসব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ম্যাজিস্ট্রেট। প্রতিটি কমিটিতে রয়েছেন চারজন সদস্য। কোনো মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, তা যাচাই করে প্রত্যাহারের সুপারিশ করাই এসব কমিটির দায়িত্ব।

তিনি বলেন, মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের (চার্জশিট) সত্যায়িত অনুলিপি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটরের মতামতও নেওয়া হয়।

এ ছাড়া মামলা অব্যাহত রাখার ক্ষেত্রে জনস্বার্থ রয়েছে কি না এবং মামলা চলমান থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে কি না, সেসব বিষয়ও বিবেচনায় নেয় জেলা কমিটি।

আইনমন্ত্রী আরও জানান, জেলা পর্যায়ের কমিটিগুলোর সুপারিশ পর্যালোচনা ও সমন্বয়ের জন্য কেন্দ্রীয় পর্যায়েও একটি কমিটি গঠন করা হয়েছে। গত ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের এ কমিটি গঠন করা হয়।

তিনি বলেন, জেলা কমিটির সুপারিশ পর্যালোচনায় কোনো মামলা হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে তা প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top