সকল মেনু

সালথায় উপজেলা ও ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ (২৬) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি এ.এস.এম. ফেরদাউস (২৮)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে উপজেলার গট্টি এলাকা থেকে ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ফিরোজ খান রাজ উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামের মোমরেজ খানের ছেলে। অন্যদিকে ফেরদাউস রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top