সকল মেনু

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে; আইসিইউতে ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন ৬৩ শিক্ষার্থী। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া আরও শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, অসুস্থ শিক্ষার্থী ও তাদের স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ চিকিৎসা নিচ্ছেন, কেউ অপেক্ষা করছেন। মাদ্রাসার কয়েকজন শিক্ষকও চিকিৎসা নিচ্ছেন। অন্যরা শিক্ষার্থীদের পাশে থেকে সেবা দিচ্ছেন।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী এখানে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়ছে। তবে কারও শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন নেই। সবাই মূলত আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন।

মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান বলেন, মাদ্রাসার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর পুরো মাদ্রাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যায়। মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত বের হতে পেরেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ না হলেও ধোঁয়ার কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top