সকল মেনু

সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম, ক্রেতাদের নাগালের বাইরে

মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর নদী ও সাগরে মাছ ধরতে ফিরেছেন জেলেরা। উপকূলীয় মাছঘাটগুলোতেও বেড়েছে ইলিশের সরবরাহ ও বেচাকেনা। তবে বাজারে মাছের সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম। ফলে জাতীয় মাছ ইলিশ এখনো নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আকার ও ওজনভেদে ভিন্ন দামে বিক্রি হচ্ছে ইলিশ। বাজারে অন্তত পাঁচ ধরনের আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। ওজন ও প্রতি কেজিতে মাছের সংখ্যার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হচ্ছে দাম।

বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে। ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা।

এ ছাড়া তিনটিতে এক কেজি বা কিছুটা বেশি হয়—এমন ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে। চারটিতে কেজি হয় এমন ইলিশের দাম ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকা। অন্যদিকে, পাঁচ থেকে ছয়টিতে কেজি হয় এমন ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়।

রাজধানীর মুগদা বাজারের মাছ বিক্রেতা লোকমান জানান, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বাজারে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। তবে আড়তে মাছের দাম বেশি হওয়ায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

তিনি বলেন, পাঁচ থেকে ছয়টিতে কেজি হয় এমন ইলিশ আড়ত থেকে ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি দরে কিনতে হয়। পরে প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে বিক্রি করেন তিনি।

এদিকে, একই বাজারে ইলিশ কিনতে এসে দামের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বেসরকারি চাকরিজীবী সোলাইমান মন্ডল। তিনি বলেন, সাগরের জেলেদের প্রকাশ করা ভিডিওতে প্রচুর ইলিশ ধরা পড়ার দৃশ্য দেখা যাচ্ছে। অথচ বাজারে সেই তুলনায় মাছ পাওয়া যাচ্ছে না। আবার যে মাছ পাওয়া যাচ্ছে, সেগুলোর দামও অনেক বেশি।

সোলাইমান মন্ডলের মতে, ইলিশের বাজার নিয়ন্ত্রণে মধ্যস্বত্বভোগীদের চিহ্নিত করা এবং অতিরিক্ত মুনাফা করা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি নিয়মিত বাজার তদারকি, পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান পর্যবেক্ষণ এবং সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান তিনি।

প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণে গত ২২ দিনের নিষেধাজ্ঞা ২৯ অক্টোবর মধ্যরাতে শেষ হয়। এরপর ৩০ অক্টোবর থেকে নদী ও সাগরে মাছ ধরতে শুরু করেন জেলেরা। নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার কার্যক্রম স্বাভাবিক হলেও ইলিশের উচ্চমূল্যে এখনো স্বস্তি ফিরছে না ক্রেতাদের মধ্যে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top