সকল মেনু

৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টি

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। এখন পর্যন্ত গণনা হওয়া ৬০ শতাংশ ভোটের হিসাবে এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি।

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, সর্বশেষ আনুষ্ঠানিক ফলাফলে লিকুদ পার্টি পেয়েছে ২১ দশমিক ৪ শতাংশ ভোট। দলটির প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি পেয়েছে ১৬ দশমিক ২ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

ইসরায়েলের নির্বাচনী ব্যবস্থায় ভোটাররা সরাসরি কোনো প্রার্থীকে নয়, রাজনৈতিক দলকে ভোট দেন। পরে দলগুলো জোট গঠনের মাধ্যমে পার্লামেন্টে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চেষ্টা করে। দেশটির রাজনৈতিক ইতিহাসে এখন পর্যন্ত কোনো একক দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

এবারের নির্বাচনে ভোটারদের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা গেছে। দেশটির প্রায় ৮০ শতাংশ নিবন্ধিত ভোটার ভোট দিয়েছেন। একইভাবে ইসরায়েলের আরব ভোটারদের মধ্যেও প্রায় ৮০ শতাংশ ভোট দিয়েছেন, যা ২০২২ সালের নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

গত নির্বাচনে আরব দলগুলো সম্মিলিতভাবে মাত্র ১০টি আসন পেয়েছিল। এবার আরব ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধির পেছনে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নীতি, বাড়িঘর ভাঙা এবং আরব এলাকাগুলোতে সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার মতো বিষয়কে কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

বুথফেরত জরিপ অনুযায়ী, পরবর্তী নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) আরব নেতৃত্বাধীন দলগুলো ১৮টি আসন পেতে পারে।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক মতপার্থক্যের কারণে নেতানিয়াহু কিংবা তাঁর বিরোধী—কোনো পক্ষই সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নিতে আগ্রহী নয়। ইসরায়েলের মূলধারার রাজনৈতিক দলগুলোর নেতারা এ বিষয়ে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।

নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পর ইসরায়েলের প্রেসিডেন্ট সেই দলীয় নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন, যাঁর নেসেটে আস্থা ভোটে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। মনোনীত প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা, আসন সমঝোতা এবং জোট সরকার গঠনের চেষ্টা করবেন।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top