ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনে প্রস্তুত থাকার কথা জানিয়েছে দেশটির প্রধান আরব দল ‘জয়েন্ট লিস্ট’। দলটির প্রধান ও চেয়ারম্যান ইউসেফ জাবারিন বলেছেন, নেতানিয়াহুর ‘রক্তপাতের সরকার’ পরিবর্তনে তারা কাজ করতে চান।
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে একক দল হিসেবে তৃতীয় সর্বোচ্চ আসন পেয়েছে জয়েন্ট লিস্ট। নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে গাদি আইজেনকোতের ইয়াশার পার্টি।
ইউসেফ জাবারিন বলেন, “নেতানিয়াহুর রক্তপাতের সরকারকে হটাতে আমি একটি সত্যিকারের ইহুদি-আরব জোটের আহ্বান জানাচ্ছি। যারা একটি বিকল্প সরকার গঠন করতে চায়, তাদের জয়েন্ট লিস্টের কাছে আসতে হবে।”
নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হয়েছিল ইসরায়েলের ইহুদি দলগুলো। ‘চেঞ্জ ব্লক’ নামে পরিচিত এই জোটের নেতৃত্বে রয়েছেন ইয়াশার পার্টির গাদি আইজেনকোত। তবে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে অন্য দলগুলোর সঙ্গে এক হলেও আরব দলগুলোর সঙ্গে জোট গঠনে অনীহা প্রকাশ করেছিলেন তিনি।
অন্যদিকে, চেঞ্জ ব্লকের অন্তর্ভুক্ত ডেমোক্র্যাট পার্টি আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের পক্ষে। দলটির মতে, নেতানিয়াহুর সরকার পরিবর্তনের জন্য একটি বড় সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে ইহুদি দলগুলোর উচিত আরব দলগুলোর সঙ্গে জোট করা।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে অন্তত ৬১টি আসনে জয়ী হতে হয়।
গতকালের নির্বাচনে প্রায় ৮৫ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, নেতানিয়াহুর জোট ৫৪টি, গাদি আইজেনকোতের জোট ৪৯টি এবং আরব দলগুলো ১৭টি আসন পেতে যাচ্ছে। ফলে বড় দুই জোটের কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
এ পরিস্থিতিতে সরকার গঠনের জন্য আরব দলগুলোর সমর্থন বা তাদের সঙ্গে জোট করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিরোধী দলগুলো আরব দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে ইসরায়েলে আবারও নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি হতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।