একসময় বাংলা গানে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন আনুশেহ আনাদিল। লোকসংগীতকে নতুনভাবে উপস্থাপন করে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছিলেন তিনি। ‘বাংলা’ ব্যান্ডের এই গায়িকার গান দেশ-বিদেশে শ্রোতাদের মুগ্ধ করেছে। তবে দীর্ঘদিন ধরেই গান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অনেকটা দূরে রয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আনুশেহকে নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ দাবি করেছেন, নেশায় আসক্তির কারণে গান থেকে দূরে সরে গেছেন এই শিল্পী। তবে এমন ধারণাকে সরাসরি নাকচ করেছেন আনুশেহ নিজেই।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাকে কি দেখতে নেশাখোরের মতো লাগে? হয়তো-বা আমি নিজের যত্ন ঠিকভাবে নিই না। এটা সত্য। তবে চেষ্টা করছি। আমাকে নিয়ে বেশি চিন্তা করবেন না প্লিজ। আর দূর থেকে বসে আমাকে জাজ করবেন না। এটাও ভাববেন না যে আমি নেশার কারণে গান ছেড়ে দিয়েছি বা গাইতে পারি না। এখনো সুরে গান গাইতে পারি।’
গান থেকে দূরে থাকার কারণ ব্যাখ্যা করে আনুশেহ বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে কমার্শিয়ালি গান করছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার জীবনটাকে সহজ করব। ওই পথেই আছি। একটা মাটির বাড়ি বানিয়েছি।’
আরেকটি ভিডিও বার্তায় আনুশেহ জানান, দীর্ঘদিন ধরে নিজের চেহারা প্রকাশ্যে আনেননি তিনি। এ সময়ের মধ্যে প্রচুর লেখালেখি করেছেন। তবে তার লেখাগুলো খুব বেশি মানুষের কাছে পৌঁছায়নি বলে মনে করেন তিনি।
আনুশেহ বলেন, ‘আমি অনেক বছর ধরে নিজের চেহারা কাউকে দেখাই না। লুকায়ে ছিলাম। এই বছরগুলোতে আমি প্রচুর লিখেছি। কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, সেগুলো কেউ পড়ে না। পড়ে তবে সেটা বয়স্করা। এই প্রজন্ম ছোট ছোট ক্লিপস দেখতে অভ্যস্ত।’
এ বছরের জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে আনুশেহ জানিয়েছিলেন, তিনি টনিটাসে আক্রান্ত। এটি কানের এমন একটি সমস্যা, যাতে বাইরের কোনো শব্দের উৎস না থাকলেও কানে শব্দ শোনা যেতে পারে।
ফেসবুকে নিজের লেখা বিভিন্ন পোস্টের পাশাপাশি বাংলা ও ইংরেজি গণমাধ্যমেও মতামত লিখেছেন এই শিল্পী। তার লেখায় চিন্তা ও দর্শনের গভীরতা ফুটে উঠেছে বলে প্রশংসা করছেন অনেকে।
গানের পাশাপাশি মানুষ ও সমাজের জন্যও কাজ করেছেন আনুশেহ আনাদিল। এখন গান থেকে দূরে থাকলেও লেখালেখির মাধ্যমে নিজের ভাবনা ও জ্ঞান ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি।
‘তোমার ঘরে বসত করে কয়জনা’, ‘কৃষ্ণপক্ষ’, ‘আমি অপার হয়ে’, ‘সহজ মানুষ’ ও ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’র মতো গান নতুনভাবে জনপ্রিয় করে তুলেছিলেন আনুশেহ। দেশের পাশাপাশি বিদেশেও বহু কনসার্টে গান করেছেন তিনি।
দীর্ঘদিনের আড়াল ভেঙে সম্প্রতি ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন গায়িকা। তার বক্তব্য, গান গাইতে পারেন এখনো; তবে বাণিজ্যিকভাবে গান করার বদলে সহজ জীবন বেছে নিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।